শিক্ষামন্ত্রীর কাছে বুয়েট শিক্ষকদের দাবি পেশ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে দাবির কথা জানিয়েছে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি। পাশাপাশি শিক্ষকেরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সমিতির নেতারা মন্ত্রীর কাছে তাঁদের দাবি-দাওয়া তুলে ধরেন। অনিয়ম ও দলীয়করণ করে পছন্দের লোকদের ভূতাপেক্ষ পদোন্নতি, পরীক্ষার ফলাফলে অনিয়ম করাসহ বিভিন্ন ঘটনায় উপাচার্য ও সহ-উপাচার্যকে দায়ী করে তাঁদের পদত্যাগের দাবিতে ৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করছেন বুয়েটের শিক্ষকেরা। অন্যদিকে প্রশাসনের পক্ষ নিয়ে বুয়েটের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ শিক্ষক সমিতির বিরুদ্ধে আন্দোলন করছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পর সমিতির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা মন্ত্রীর কাছে বুয়েটের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি। তিনি বিষয়টি নিয়ে বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের সঙ্গে কথা বলবেন।’কর্মবিরতি প্রত্যাহার করা হবে কি না, জানতে চাইলে তাঁরা বলেন, বিষয়টি পর্যালোচনা করতে হলে সমিতির সাধারণ সভা ডাকতে হবে। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক সমিতির নেতাদের কথা তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে গতকাল রাতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম ও সহ উপচার্য হাবিবুর রহমানের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী উভয় পক্ষকে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে বলেছেন।