শিক্ষামন্ত্রীর ঘোষণা কার্যকরে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে স্নাতক কোর্স চালুর দাবিতে গতকাল বুধবার কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে l ছবি: প্রথম আলো
সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে স্নাতক কোর্স চালুর দাবিতে গতকাল বুধবার কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে l ছবি: প্রথম আলো

সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) ও ডিগ্রি কোর্স চালুর বিষয়ে শিক্ষামন্ত্রীর ঘোষণা কার্যকর করার দাবিতে ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে কলেজ ফটকে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে ‘ছাত্র ঐক্য পরিষদ’ মানববন্ধন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচি অনুযায়ী ১০ জুলাই ক্লাস বর্জন করে বিক্ষোভ, ১৮ জুলাই প্রশাসনিক ভবন ঘেরাও এবং আগামী ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট পালন করা হবে।

কলেজ ফটকে মানববন্ধন চলাকালে ছাত্র ঐক্য পরিষদের সভাপতি গুলজার আহমদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা জামান পাটোয়ারী, সহসভাপতি আবিদ চৌধুরী, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ প্রমুখ।

কলেজ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ সরকারি কলেজ উপজেলার একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৮৮ সালে সরকারীকরণ হলে ওই সময়ই এখানে ডিগ্রি কোর্স চালুর দাবি ওঠে। গত ২৮ বছরেও এ দাবি পূরণ না হওয়ায় কলেজের ছাত্রছাত্রীরা জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদ গঠন করে স্নাতকসহ (সম্মান) ডিগ্রি কোর্স চালুর দাবিতে গত ২ ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি পালন শুরু করে। শিক্ষার্থীরা দাবি পূরণের জন্য পাঁচ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় সাংসদের কাছে স্মারকলিপি পেশ ও মানববন্ধন করে ১৫ ফেব্রুয়ারি আমরণ অনশনের ঘোষণা দেয়। ওই দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মার্চ মাসের প্রথম সপ্তাহে এ দাবি পূরণের আশ্বাস দিলে আনন্দ মিছিল করা হয়। কিন্তু চলতি জুলাই মাসেও মন্ত্রীর ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের দাবি পূরণ করা হয়নি।

এই পরিপ্রেক্ষিতে গতকাল নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলে, ‘শিক্ষামন্ত্রী যখন আমাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তখন আমরা ধরে নিয়েছি আমাদের কলেজে ডিগ্রি কোর্সে উন্নীত হয়েছে। এখন ওই ঘোষণা কার্যকরের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলো।’