শিক্ষামন্ত্রীর পিএ পরিচয় দিয়ে সুবিধা আদায়ের অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর গ্রামের বাসিন্দা এম এ মোহিত নিজেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত সহকারী (পিএ) পরিচয় দিয়ে প্রতারণা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, মোহিত নামে তাঁর কোনো ব্যক্তিগত সহকারী নেই।শিক্ষামন্ত্রীর পিএ দাবি করে এম এ মোহিত ১ আগস্ট একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেন। এতে তিনি বলেন, বর্তমানে মৌখিক ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তিনি আবার কাজে যোগ দেবেন।এলাকাবাসী জানান, শিক্ষামন্ত্রীর পিএ পরিচয় দিয়ে মোহিত কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলায় সুবিধা আদায় করেছেন। এমনকি অন্যের জমিও দখল করেছেন। মোহিতের এসব প্রতারণাসংক্রান্ত খবর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা রাধা কিশোন কুর্মী ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর পিএ পরিচয় দিয়ে ইউনিয়নের বড়চেগ গ্রামে তাঁর বেশকিছু জমি দখল করে নিয়েছেন মোহিত।তবে এম এ মোহিত বলেছেন, তিনি কারও জমি জবরদখল করেননি। তিনি শিক্ষামন্ত্রীর পিএ পরিচয় দিয়ে বলেন, বর্তমানে মৌখিক ছুটিতে রয়েছেন। ছুটি শেষে আবার কাজে যোগ দেবেন।এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোহিত নামে তাঁর কোনো ব্যক্তিগত সহকারী নেই। বিজ্ঞাপন সম্পর্কে তিনি বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করে প্রকাশিত বিজ্ঞাপনের প্রতিবাদ জানানো হবে।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী এ প্রতিনিধিকে বলেন, মোহিতের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।