
সিলেটে শিশু শেখ মো. সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় বরখাস্ত দুই পুলিশ সদস্যকে বাদী ও অভিযোগপত্রে (চার্জশিট) সাক্ষী রাখার বিষয়টি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে জানিয়ে প্রতিকার চেয়েছেন রাজনের বাবা শেখ মো. আজিজুর রহমান। গতকাল বুধবার বিকেলে শিক্ষামন্ত্রী সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামে রাজনদের বাড়িতে গেলে আজিজুর এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল প্রথম আলোতে ‘বরখাস্ত দুই পুলিশ সদস্যই মামলার বাদী-সাক্ষী!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে রাজনের বাবা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি দ্রুত বিচার চাই। এর সঙ্গে এ ঘটনার শুরুতে ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদেরও বিচার চাই। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হোক।’
শিক্ষামন্ত্রী বর্বর এ ঘটনার সুষ্ঠু বিচার করতে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে সবই করা হবে বলে আশ্বাস দেন। রাজনের পরিবারকে শিক্ষামন্ত্রী ৫০ হাজার টাকার অর্থসহায়তা দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছু মানুষের মধ্যে এই যে বর্বরোচিত অমানবিক ঘটনার প্রসার ঘটছে, মানুষ হত্যা, যখন-তখন পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এইগুলো মোকাবিলা করার অবশ্যই আইন একটি বড় পথ। সেই পথকে শক্তিশালী করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী পরে প্রথম আলোকে বলেন, ‘ইভটিজিংয়ের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ার কথা আমি বলেছি। এখন বেশ কয়েকটি শিশু হত্যার ঘটনা ঘটায় প্রতিরোধে আইনকে সহায়তা করতেই সামাজিক আন্দোলন গড়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছি। সামাজিক আন্দোলন হলে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। এতে সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতাও সৃষ্টি হবে। সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সকলের মধ্যে অন্যায় বর্বরোচিত কর্মকাণ্ড মোকাবিলার সাহস রাখতে হবে। এ জন্য সামাজিক আন্দোলন গড়তে হবে।’
রাজনদের বাড়িতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সরকারি কৌঁসুলি মিসবাহউদ্দিন সিরাজ, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে গত ৮ জুলাই জালালাবাদ থানার বাদেয়ালি গ্রামের মাইক্রোবাসচালক শেখ মো. আজিজুর রহমানের ছেলে সবজিবিক্রেতা সামিউল রাজনকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। সিলেটের মহানগর গোয়েন্দা পুলিশ আলোচিত এ ঘটনার তদন্ত করে প্রায় এক মাসের মাথায় গত রোববার আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে ঘটনার শুরুতে গাফিলতির অভিযোগে পুলিশের তদন্তে বরখাস্ত হওয়া জালালাবাদ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম মামলার বাদী ও বরখাস্ত হওয়া জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনকে সাক্ষী রাখা হয়েছে। ঘটনার দিন রাতে রাজনের বাবা লিখিত অভিযোগ দিলেও পুলিশ সেটিকে ‘পিটিশন’ হিসেবে রেখে দিয়েছিল।