শিক্ষামেলা শুরু হচ্ছে ২৬ জানুয়ারি
উচ্চশিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের সরাসরি তথ্য সরবরাহ ও ভর্তির সুযোগ করে দিতে ঢাকা ও চট্টগ্রামে শুরু হচ্ছে শিক্ষামেলা। আগামী ২৬ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী এ মেলা শুরু হবে। গতকাল মঙ্গলবার হোটেল সোনারগাঁয়ে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে জানানো হয়, ঢাকার সোনারগাঁ হোটেলে ২৬ ও ২৭ জানুয়ারি এবং চট্টগ্রামের আগ্রাবাদের ইছামতি হলে ২৯ জানুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় যুক্তরাজ্যের ৪১টি কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশ নেবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ২৬ জানুয়ারি সোনারগাঁ হোটেলের গ্রান্ড বলরুমে মেলার উদ্বোধন করা হবে। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। সরকার নিষিদ্ধ করা সত্ত্বেও শিক্ষামেলার আয়োজন প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী এবং সরকারের অনুমতিসাপেক্ষে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্সের হেড অব পারফরম্যান্স রাইকা ওয়ালী খান, ব্রিটিশ দূতাবাসের স্টুয়ার্ট পারসিভাল।