শিক্ষায় পিছিয়ে সম্পদে এগিয়ে দুই দলের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী মো. শাফি উদ্দিন স্বশিক্ষিত। আর বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসান। শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে থাকলেও অর্থ-সম্পদে বেশ ভালো অবস্থানে রয়েছেন উভয় প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তাঁদের হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।
আবুল হাসান বর্তমান মেয়র ও ক্ষমতাসীন দলের একজন কর্মী। শাফি উদ্দিন পৌর বিএনপির নির্বাহী সদস্য। তিনি উপজেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের ভগ্নিপতি।
হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে আবুল হাসান নবম শ্রেণি পাস উল্লেখ করেছেন। পেশার ঘরে মৎস্য ব্যবসায়ী উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৭০ হাজার। এর মধ্যে ভাড়া থেকে পান ৪৫ হাজার, মৎস্য ব্যবসা থেকে আসে ২ লাখ ৮১ হাজার ও মেয়র পদের জন্য সম্মানী পান ১ লাখ ৪৪ হাজার টাকা। ব্যাংকে জমা আছে ২ লাখ টাকা। স্ত্রীর নামে স্বর্ণ আছে ২০ ভরি। ৩ দশমিক ০৫ একর কৃষি ও দশমিক ৯২ শতাংশ অকৃষি জমির মালিক তিনি। তাঁর তিনটি পাকা ভবন ও একটি ফ্ল্যাট আছে।
স্থানীয় কয়েকজন জানান, হলফনামায় উল্লেখ করা তথ্যের সঙ্গে আবুল হাসানের দৃশ্যমান সম্পদের কোনো মিল নেই। দেশের খ্যাতনামা বাণিজ্যিক প্রতিষ্ঠান কুলিয়ারচর গ্রুপের মালিক মো. মুছা মিয়া (সিআইপি) তাঁর বড় ভাই। স্থানীয়ভাবে পরিবারটি শীর্ষ ধনী হিসেবে পরিচিত।
জানতে চাইলে আবুল হাসান বলেন, ‘মানছি আমরা বড় খ্যাতনামা ব্যবসায়ী। তবে হলফনামায় যা উল্লেখ করেছি, এর চেয়ে অতিরিক্ত কিছু নেই আমার।’
বিএনপি প্রার্থী শাফি উদ্দিনও ব্যবসায়ী। ভাড়া থেকে পাওয়া ৩ লাখ ৩৯ হাজার ৭৮০ টাকা ছাড়া অন্য কোনো খাত থেকে তাঁর বার্ষিক আয় নেই। তবে তাঁর কাছে নগদ ৫২ লাখ ১১ হাজার ৫০০ টাকা আছে। ব্যাংকে জমা টাকার পরিমাণ ৭০ হাজার ৫০০। নিজ নামে ২০ তোলা স্বর্ণ আছে। ১০৯ দশমিক ৫ শতাংশ অকৃষি জমির মালিক তিনি। তিনটি একতলা ভবন, একটি টিনশেড ভবন ও একটি টিনশেডের ঘর আছে।
বিএনপির প্রার্থী শাফি উদ্দিন বলেন, ‘ধারণা করা আর বাস্তবতা এক নয়। যাঁরা ধারণা করছেন, তাঁরা ভুল। আর যা উল্লেখ করা হয়েছে, তা-ই সত্য।’