শিক্ষায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা ইউনেসকোর
শিক্ষা খাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা। ফ্রান্সের প্যারিসে এক সভায় তিনি বলেছেন, সবার জন্য শিক্ষা (ইএফএ) লক্ষ্য অর্জনে পিছিয়ে থাকা দেশগুলো বাংলাদেশের সাফল্যের দৃষ্টান্ত কাজে লাগাতে পারে। খবর বাসসের।
ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যারিসে ১৪ এপ্রিল ইউনেসকো নির্বাহী বোর্ডের ১৯৬তম সভার বৈকালিক অধিবেশনে বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর এক প্রশ্নের জবাব দেন মহাপরিচালক বোকোভা। এ সময় তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও অঙ্গীকারের কারণে ২০১৫ সালের মধ্যে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে বাংলাদেশ সার্বিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) ও ইএফএ লক্ষ্য অর্জনে বাংলাদেশের সাফল্যের কথা পুনর্ব্যক্ত করেন ইউনেসকো মহাপরিচালক। তিনি বলেন, লক্ষ্য অর্জনে অনেক দেশ বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে।
ইউনেসকো নির্বাহী বোর্ডের চলতি অধিবেশন শুরু হয় ১৩ এপ্রিল, চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল কমিশন সেক্রেটারি ফর ইউনেসকো মনজুর হোসেন, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ হযরত আলী খান ও ফাস্ট সেক্রেটারি ফারহানা আহমেদ চৌধুরী।