শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষার ব্যাপারে বর্তমান সরকার খুবই আন্তরিক। সবাই মিলে আমরা চেষ্টা করছি, দেশে বিশ্বমানের একটি শিক্ষাব্যবস্থা চালু করার। আমাদের বিশ্বাস, নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় গড়ে তুলতে পারলে মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে।’
গতকাল বুধবার সকাল ১০টায় সিলেট নগরের মীরের ময়দান এলাকার ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হুসনে আরা, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রুকন উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক শফিকুল আলম।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সিলেট শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। এখন অনেক অগ্রসর হয়েছে। আর এটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়।