পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈশিং বলেছেন, রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিরোধিতাকারীরা পার্বত্য চট্টগ্রামে শান্তি, উন্নয়ন ও শিক্ষার বিস্তার ঘটুক, তা চায় না। এরা সমাজকে পেছনে নিতে চায়। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন চায় বলে শিক্ষার অগ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করেছে।
গতকাল শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রবর্তিত চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাহাবুবুর রহমান, রাঙামাটি জেলা পরিষদের শিক্ষা উপকমিটির আহ্বায়ক অংসুই প্রু চৌধুরী ও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানের সভাপতি রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার উপযুক্ত পরিবেশ দিতে হবে। সে লক্ষ্যে পরিষদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে চতুর্থ শ্রেণিতে গ্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার প্রবর্তন করা হয়েছে। গত বছর জেলার ১০ উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৪০১ একজন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হচ্ছে।