শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতা বন্ধ করে নিরাপদে ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করার দাবিতে গতকাল দিনাজপুর আদর্শ কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা l প্রথম আলো
সহিংসতা বন্ধ করে নিরাপদে ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করার দাবিতে গতকাল দিনাজপুর আদর্শ কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা l প্রথম আলো

চলমান সহিংসতা বন্ধ করে নিরাপদে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনুকূল পরিবেশ সৃষ্টি করার দাবিতে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষকেরাও অংশ নেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আদমদীঘি (বগুড়া): ‘শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ করতে হবে’—এ রকম বেশ কিছু লিখিত দাবির ব্যানার হাতে নিয়ে নওগাঁ জেলার সব সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। নিজ নিজ কলেজ চত্বরে তারা এই কর্মসূচির আয়োজন করে। এতে নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।
নীলফামারী: জেলার পাঁচটি সরকারি ও ২১টি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এ ছাড়া বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালের প্রতিবাদ ও সহিংস রাজনীতি থেকে দেশের শিক্ষাঙ্গন বাঁচাতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও (বাকবিশিস) মানববন্ধন করে। নীলফামারী সরকারি কলেজের সামনে মানববন্ধন চলাকালে অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, সরকারি মহিলা কলেজের সামনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছ আহমেদ, ডোমার ডিগ্রি কলেজের সামনে কলেজের অধ্যক্ষ গোকুল চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন হয়। এতে তিন শতাধিক ছাত্রী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান, কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রমুখ।
দিনাজপুর: বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দিনাজপুর শহরের সরকারি মহিলা ডিগ্রি কলেজ এবং আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। একই সময়ে দিনাজপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। কলেজের অধ্যক্ষ আনজুমান আখতার, দিনাজপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।