শিক্ষার আলো ছড়িয়ে ফিরে যাচ্ছেন ফাদার হোমরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৭ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে নিজ দেশে ফিরে যাচ্ছেন ফাদার ইউজিন হোমরিক। দীর্ঘ প্রায় ছয় দশক টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের আদিবাসীদের মধ্যে খ্রিষ্টধর্ম প্রচারের পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়েছেন তিনি।

মধুপুর গড়ের পীরগাছা সেন্ট পৌল ধর্মপল্লিতে গতকাল শুক্রবার তাঁকে বিদায় জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবনের স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন ৮৮ বছর বয়সী এই ফাদার।

আজ শনিবার মধুপুর ছেড়ে ঢাকায় যাচ্ছেন ফাদার ইউজিন। ১৮ আগস্ট তিনি নিজ দেশ যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

ফাদার হোমরিককে বিদায় জানাতে পীরগাছা সেন্ট পৌল ধর্মপল্লিতে গতকাল বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে সবার উদ্দেশে ফাদার হোমরিক বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই ছেলেমেয়েদের শিক্ষা দিতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিক গুণাবলি অক্ষুণ্ন রাখতে হবে। নিজেদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে স্বাবলম্বী হওয়ার জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।

গড় এলাকার বিভিন্ন গ্রাম থেকে আদিবাসীরা যোগ দেন অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন ক্যাথলিকদের ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পল পনেন কুবি। অন্যান্যের মধ্যে ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং, হলিক্রস সম্প্রদায়ের এ দেশীয় প্রধান (প্রভিন্সিয়াল) ফাদার জেমস ক্রজ, পীরগাছা ধর্মপল্লির পাল পুরোহিত ফাদার ইউজিন আনজুস, আদিবাসী নেতা ইউজিন নকরেক প্রমুখ।

স্থানীয় ব্যক্তিরা জানান, যুক্তরাষ্ট্রের মিশিগানে ১৯২৮ সালে জন্ম নেওয়া ইউজিন হোমরিক ১৯৫৯ সালে মধুপুরে আসেন। প্রথমে জলছত্রে মিশন স্থাপন করে শুরু করেন ধর্মপ্রচার। সেই সঙ্গে পুরো গড় এলাকার আদিবাসীদের শিক্ষা ও চিকিৎসাসেবার ব্যবস্থা করেন। মুক্তিযুদ্ধে ফাদার হোমরিক মধুপুর বনে অনেক মুক্তিকামী মানুষকে আশ্রয় দেন। মুক্তিযোদ্ধাদের মিশনের মাধ্যমে নানাভাবে সহযোগিতা করায় যুদ্ধ শেষে তাঁকে মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হয়।