রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে দেশের আনাচকানাচে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে অনুষ্ঠিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সভাপতির বক্তব্যে এই কথা বলেন। এ সময় তিনি ডিগ্রিপ্রাপ্তদের সনদ প্রদান করেন।
এবার মোট দুই হাজার ৭৩০ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে কৃতিত্বপূর্ণ ফলের জন্য তিনজন শিক্ষার্থীকে আচার্যের স্বর্ণপদকসহ ছয় শ্রেণীতে পদক দেওয়া হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে উচ্চশিক্ষার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বদান ও এর মান নিশ্চিত অপরিহার্য।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হওয়া উচিত এমন মানবসম্পদ তৈরি করা, যারা নিজস্ব সাংস্কৃতিক চেতনায় লালিত হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইন অনুযায়ী সবাই তাদের কার্যক্রম পরিচালনা করবে বলেও আশা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার বিজ্ঞান শিক্ষা ও মানসম্মত শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং ২০১০ সালে প্রণীত শিক্ষানীতি বাস্তবায়ন করছে।
সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ইশতিয়াক আবেদীন ও উপাচার্য কারমেন জেড ল্যামাগনা। বিজ্ঞপ্তি।