শিক্ষার আলোয় মানুষ হতে চায় প্রতিবন্ধীরা
‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা’ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ব্র্যাক স্কুলে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে তিন দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির একীভূত শিক্ষা কার্যক্রম এর আয়োজন করেছে।
কর্মসূচির উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান। আজ বুধবার আলোচনা সভার পাশাপাশি মানববন্ধন এবং শেষ দিন প্রতিবন্ধী মেলার আয়োজন করা হয়েছে।
শ্রীমঙ্গলের সিন্ধরখান গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ে আলো ব্যানার্জি এতে অংশ নিয়েছে। আলো বলল, ‘চোখের আলো না থাকলে কী হবে, শিক্ষার আলোয় আমরা মানুষ হব।’
সমাজসেবা কর্মকর্তা লিমিয়া দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক রুহুল আমিন, সমাজসেবা অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী, ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়কারী সাদেকুর রহমান।