শিক্ষার উন্নয়নে অঞ্চলভিত্তিক সমস্যাকে প্রাধান্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরাঞ্চলে ধান কাটার মৌসুমে বিদ্যালয়গামী শিশু-কিশোরেরা মাঠের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এতে মাস দেড়েক সময় কেটে যায়। এ সময় কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অঘোষিত ছুটি থাকে। পরে যখন বর্ষা মৌসুম আসে, তখন প্রাকৃতিক কারণে যোগাযোগ সমস্যায় বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হয়।২০০৯-১০ সালের এডুকেশন ওয়াচ প্রতিবেদনে এই চিত্র তুলে ধরে বলা হয়েছে, শিক্ষার উন্নয়ন করতে চাইলে প্রয়োজন অঞ্চলভিত্তিক সমস্যার সমাধান। গতকাল রোববার সিলেট শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় শিক্ষা বিষয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযান এবং বেসরকারি সংস্থা এফআইভিডিবি ওই প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সিলেটে শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদতা ছিল, এখনো আছে। তবে এই অঞ্চল ক্রমশ এগিয়ে যাচ্ছে। সিলেটে ভর্তির হার কম, অথচ ঝরে পড়ার হার বেশি। হাওরাঞ্চলে লেখাপড়া চালিয়ে যাওয়া কঠিন, বর্ষা মৌসুমে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে যাওয়া সমস্যা হয়। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।’ শিক্ষানীতিতে হাওরাঞ্চল, চা-বাগান, পাহাড়ি অঞ্চল, আদিবাসী ও অতিদরিদ্রদের আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সিলেটের মধ্যে সুনামগঞ্জ একেবারেই পশ্চাৎপদ। বোরো মৌসুমে হাওর এলাকার স্কুলছাত্রসহ সবাই মাঠে ধান কাটতে যায়। বর্ষা মৌসুমে নৌকার অভাবে এক গ্রাম থেকে আরেক গ্রামের স্কুলে যেতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। তাই অনগ্রসর অঞ্চলে নজরদারি বাড়াতে হবে।সভাপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘যখনই শিক্ষা নিয়ে গবেষণা করি, তখনই সিলেটকে পিছিয়ে থাকতে দেখি। এ জন্য উত্তরণের জন্য তথ্য দরকার।’অনুষ্ঠানে সিলেট বিভাগের শিক্ষাব্যবস্থার ওপর পরিচালিত সমীক্ষাপত্র প্রকাশিত হয়। এতে বলা হয়, সিলেটের মোট ভূমির ৩০ দশমিক ২ শতাংশ হাওর এবং চা-বাগান ও বন-পাহাড়-অধ্যুষিত ভূমি ১২ দশমিক ৫ শতাংশ। ভৌগোলিক দিক দিয়ে সুনামগঞ্জের প্রায় পুরোটাই হাওর এবং মৌলভীবাজারের পুরোটাই চা-বাগান-অধ্যুষিত। এসব অঞ্চলের শিশুরা ভৌগোলিক কারণে এবং পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে।২০১০ সালের মার্চ-এপ্রিলে পরিচালিত এই সমীক্ষার গবেষণায় বলা হয়, সারা দেশে যেখানে ৬৫ শতাংশ শিশু ছয় বছর বয়সেই বিদ্যালয়ে যায়, সেখানে সিলেটে এই হার ৫২ শতাংশ। প্রতিবেদনে সিলেট অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে হাওরের রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি বর্ষা মৌসুমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ ওয়াটার বাস সার্ভিস’ চালু, অতিদরিদ্র এলাকায় উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি, উপজেলাভিত্তিক সমস্যা প্রাধান্য দিয়ে শিক্ষা উন্নয়ন নীতিমালা তৈরি, শিক্ষকদের নিজেদের বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে নিয়োগসহ বেশ কিছু সুপারিশ করা হয়।সমীক্ষার তথ্য ও নীতিসংক্রান্ত সুপারিশমালা উপস্থাপন করেন গবেষক সমীর রঞ্জন নাথ। অনুষ্ঠানে আরও অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কবীর হোসেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এস এম আবদুল খালেক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শামীমা শাহারিয়ার, সিলেট ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লুৎফুন্নেসা লিলি, এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমদ প্রমুখ।