শিক্ষার উন্নয়নে বেসরকারি খাতের সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন l ছবি: বাসস

শিক্ষা খাতে নেওয়া কর্মসূচির উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার ও সরকারি প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষিত জাতি গঠন ও বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার স্বার্থে এ আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিদায়ী ২০১৫ সালের প্রাইমারি স্কুল সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। খবর ইউএনবি ও বাসসের।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সকালে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ওই ফলাফল তুলে দেন। অনুষ্ঠানে দেশব্যাপী পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মিড-ডে মিল’ অব্যাহত রাখতে ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তহবিল গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ‘মিড-ডে মিল’ চালু ও অব্যাহত রাখতে স্থানীয় ধনাঢ্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তা চাইতে কর্তৃপক্ষকে পরামর্শ দেন।