শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু শিক্ষার উন্নয়ন হলে চলবে না। শিক্ষার উন্নয়নের সঙ্গে আর্থ-সামাজিক উন্নয়নও দরকার। গতকাল শনিবার সিলেটের গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধনের পৃথক তিনটি অনুষ্ঠানে এ কথা বলেন।গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ-ফুলসাইদ বাঘাখালের ওপর এক কোটি চার লাখ টাকা ব্যয়ে প্রায় ৪২ মিটার দৈর্ঘ্যের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ এলাকার কৃষি ব্যবস্থার উন্নয়নে চলতি বোরো মৌসুম সামনে রেখে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্লুইসগেটের উদ্বোধন করেন। পরে মন্ত্রী নোয়ারাই-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ইউপি চেয়ারম্যান নাছিরুল হক ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সৈয়দ মিসবাহউদ্দিন বক্তব্য দেন।আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ: বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে দেশের ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসা এবং ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ইসলামি শিক্ষাকে আরও আধুনিক করার জন্য সরকার দেশে প্রথম আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। শিক্ষামন্ত্রী গত শুক্রবার রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বরে একটি মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ভাদেশ্বর ইউপির চেয়ারম্যান এম এ ছালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনীর উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরউদ্দিন, মাদ্রাসা অধ্যক্ষ আবদুল কাইয়ূম প্রমুখ বক্তব্য দেন।