বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। মা-বাবার প্রতি সম্মান দেখাতে হবে এবং শিক্ষকদেরও সম্মান করতে হবে। রফিক-উল হক গতকাল শুক্রবার সকালে প্রগতিশীল ফোরামের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমির এলাহী বক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রফিক-উল হক আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা স্বাধীন দেশ ও বাংলা ভাষা পেয়েছি। তাই সব অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করা উচিত।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর প্রগতিশীল ফোরামের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক মো. শহীদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, প্রগতিশীল ফোরামের কার্যকরী সভাপতি কামরুল হাসান, ইনকাম ট্যাক্স কমিশনার প্রতিভা রানী সরকার প্রমুখ। সবশেষে প্রগতিশীল ফোরামের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার ১৩২ জন মেধাবী শিক্ষার্থীকে পাঁচ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়।