ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর আবদুল্লাহ উচ্চবিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্প্রতি ম্যাগাজিন জোনাকির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বর্তমান ছাত্র-শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্র ও সাবেক রাষ্ট্রদূত আবদুস সালাম ছাত্রছাত্রীদের সৎ, চরিত্রবান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর সাধনার তাগিদ দেন । জাতিসংঘ তথ্যকেন্দ্র ঢাকার অধিকর্তা কাজী আলী রেজা শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি ও শ্রেণীকক্ষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্কুলটিকে একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত করার আহ্বান জানান। সমাজহিতৈষী আরিফুর রহমান জোনাকির প্রকাশনা অব্যাহত রাখা ও বিদ্যালয়ে কম্পিটার ল্যাব চালুর জন্য অনুদানের ঘোষণা দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মু. আবদুর রসুল, ক্যানসারবিশেষজ্ঞ মাজুর কাদের, উপসচিব কাজী আবদুল নূর, কাজী আবদুল লতিফ, আবদুল হাকিম, সৈয়দ শামসেদ মিয়া, মো. রফিক উল্লাহ ও লতিফা বেগম, কাজী মাহমুদুর রহমান, কাজী আবিদুর রেজা ও প্রধান শিক্ষক হারাধন দেবনাথ। অনুষ্ঠান শেষে তরু মিয়া স্মৃতি ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গ্রন্থাগারের শ্রেষ্ঠ ব্যবহারকারী ছাত্রছাত্রীকে কাজী সোলেমান স্মৃতি বৃত্তি দেওয়া হয়।