শিক্ষার গুণগত মান নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি জিল্লুর রহমান শিক্ষার গুণগত মান এবং শিক্ষা যেন পণ্যে পরিণত না হয়, তা নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) দশম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাসস। সমাবর্তনে বিভিন্ন বিষয়ের মোট এক হাজার ৭৩ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে যেন বাস্তব জ্ঞান অর্জন করতে পারেন, সে জন্য পাঠ্যসূচিতে প্রায়োগিক বিষয় বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জিল্লুর রহমান বলেন, নিজস্ব সংস্কৃতির চেতনায় জাতীয় সমস্যা সমাধানে অবদান রাখতে পারে এমন মানবসম্পদ গড়ে তোলাই হবে উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস দেশের সব বিশ্ববিদ্যালয় সদ্যপ্রণীত জাতীয় শিক্ষানীতি-২০১০-এর আলোকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে।’ বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয়েছে।সমাবর্তন বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয় মূল্যায়িত হয় সেই প্রতিষ্ঠান থেকে বের হওয়া স্নাতকদের মান ও যোগ্যতা দ্বারা। বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের আনুপাতিক মান দ্বারা নিরূপণ হয় না। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দুটি বিষয়ের প্রতি স্নাতকদের মনোযোগ দিতে হবে। একটি শিক্ষা ও অন্যটি দেশপ্রেম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ শরীফ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞানের নবতর অবস্থান থেকে শিক্ষা লাভ করে।