শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেলেও যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেলেও এখনো তা যথেষ্ট নয়। এ জন্য তাদের (শিক্ষা মন্ত্রণালয়) এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা।’
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের কৌশল’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩৫টি কার্যকর সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় আইনকানুন ঠিকমতো অনুসরণ করছে না। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তারা আদালতের দ্বারস্থ হয়।
এসব বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দুর্নীতি করে কোনো বিশ্ববিদ্যালয় টিকে থাকতে পারবে না। মামলায় লড়েই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে উচ্চশিক্ষা সংখ্যার দিক থেকে অনেক এগিয়েছে, কিন্তু মানের বিষয়টি নিয়ে এখনো উদ্বেগ রয়েছে।
আজাদ চৌধুরী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচ-সাতটি পেছনে পড়ে আছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তারা কোর্টের দ্বারস্থ হয়ে স্থগিতাদেশ নিয়ে তিন-চার বছর ধরে বিশ্ববিদ্যালয় চালায়।’
এভাবে বিশ্ববিদ্যালয় চালানো উচিত নয়—উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিন-চার বছর পর যখন ওই ছাত্ররা বের হবে, তখন তাদের দায়িত্ব নেবে কে?’
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসির সদস্য এম মুহিবুর রহমান, বিশ্ব ব্যাংকের এ দেশীয় পরিচালক জোহানেস জাট, অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ ও উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলম।