শিক্ষার নিরাপদ পরিবেশের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষকেরা। শিক্ষক সমিতি ফরিদপুরের সদরপুর ও রাজবাড়ীর কালুখালীতে এ দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করে।
একই দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতি শহরের তুষখালী সড়কে আধঘণ্টা মানববন্ধন করে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর সদরপুর উপজেলা সদরে মানবন্ধন কর্মসূচি পালন করে সদরপুর উপজেলা শিক্ষক সমিতি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সদরপুর উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক এতে অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল লতিফ খান, সাধারণ সম্পাদক রফিকুল হাওলাদার প্রমুখ।
রাজবাড়ীর কালুখালী থানার সামনের সড়কে গতকাল এক ঘণ্টা মানববন্ধন করে কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। এ সময় বক্তারা বলেন, দেশে চলমান নাশকতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। তাঁরা আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুদের স্বাভাবিক শিক্ষাজীবন বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
মঠবাড়িয়ায় মানববন্ধনে বক্তারা নাশকতা ও সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন শিক্ষক সেলিম ফরাজী, সুমন্ত হালদার, মাইনুল ইসলাম প্রমুখ।