শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মতিহার থানাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের জন্য জায়গা বরাদ্দ চেয়ে আবেদন করেছে মহানগর পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। তবে আবেদনটি নিয়ে সিন্ডিকেটে আলোচনার সময় দ্বিমত পোষণ করেছেন দুজন সিন্ডিকেট সদস্য। তাঁদের আশঙ্কা, এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হবে।
গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৪৫৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার অন্যতম আলোচ্যসূচি ছিল মতিহার থানা ভবন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর ও ক্যাম্পাসে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ। তবে ক্যাম্পাসে থানা স্থাপনের পরিকল্পনার বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে ১১ জানুয়ারি রাজশাহী মহানগর পুলিশের একজন উপকমিশনার স্বাক্ষরিত আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। আবেদনে মতিহার থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দুই একর জমি চাওয়া হয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, ৩১ মার্চ সিন্ডিকেটে বিষয়টি উত্থাপনের পর দুজন সদস্য এর বিরোধিতা করে ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) দেন। এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে থানা স্থাপন করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ক্যাম্পাসে থানা ও ফাঁড়ি স্থাপনের পরিকল্পনায় দ্বিমত পোষণ করা হচ্ছে।
দ্বিমত পোষণকারী সিন্ডিকেট সদস্য আমজাদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে থানা স্থাপন কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের জন্য সুফল বয়ে আনবে না। বরং তা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধির চর্চাও বিঘ্নিত হবে।’ দ্বিমত পোষণকারী অন্য সিন্ডিকেট সদস্য আল-আমিন সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য একটি পুলিশ ফাঁড়িই যথেষ্ট। একটি থানা ভবন স্থাপন করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ ব্যবহার করার যৌক্তিকতা খুঁজে পাই না।’
জানতে চাইলে নাট্যব্যক্তিত্ব ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক ‘বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যান্টনমেন্ট বা থানা নয়’ উল্লেখ করে বলেন, থানার কর্মকাণ্ড শুধু বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক হবে না, পুরো মতিহার এলাকাজুড়ে হবে। ফলে নানা শ্রেণির মানুষের যাতায়াত থেকে শুরু করে অনেক রকম কর্মকাণ্ড থানায় পরিচালিত হবে। এতে ক্যাম্পাসের চরিত্র হারিয়ে যাবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহরাব হোসেন বলেন, ক্যাম্পাসে পুলিশের অবস্থান বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। দীর্ঘদিন থেকে এই ক্যাম্পাসে পুলিশের অবস্থানের ফলে এখন অনেক বিষয়েই পুলিশ হস্তক্ষেপ করে। এরপর যদি থানা হয়, তবে তা আরও ভয়াবহ হবে।
জানতে চাইলে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু বিচার-বিশ্লেষণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ও নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, প্রস্তাবিত ভবনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে জমি চাওয়া হয়েছে। জমি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই গ্রহণ করবে।