শিক্ষার পরিবেশের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক রাজনীতির কারণে কয়েক মাস ধরে অচল হয়ে আছে বিশ্ববিদ্যালয়। ফলে সেশনজট বাড়ছে। এতে শিক্ষাজীবন অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘায়িত হচ্ছে। এই অবস্থা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে আজ রোববার থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। স্বাক্ষর গ্রহণ শেষে তদন্ত কমিটির কাছে সঞ্চারকলিপি দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা।
উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে প্রথমে শিক্ষক সমিতি এবং পরে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে চার মাসের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। আন্দোলনের কারণে প্রায় এক মাস বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। ২৪ আগস্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন এবং তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন। শিক্ষাসচিবের অনুরোধে নতুন করে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় আন্দোলন স্থগিত করা হয়।