পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, মানুষকে মর্যাদা দেওয়া ও মূল্যবোধ জাগ্রত করার শিক্ষার প্রসারে সবাইকে সচেতন হতে হবে। শ্রম, মেধা ও আন্তরিকতা না থাকলে শুধু ক্ষমতা আর অর্থ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রামে শিক্ষার প্রসারে সবাইকে একযোগে কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে পরিচালিত লেকার্স পাবলিক স্কুল ও কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও কলেজ শাখার শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।
সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক এবং লেকার্স পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান রাঙামাটিতে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছে। লেকার্স পাবলিক স্কুল ও কলেজ ধারাবাহিকভাবে ভালো ফল করে এখন মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।
কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশালী রায়। অনুষ্ঠানে রাঙামাটির শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।