
রাজবাড়ী সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ১৩২ কেন? এপ্রিল মাস শেষ হতে চললেও রাজবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থীরা আজও পাঠ্যবই পায়নি কেন? চরাঞ্চলে দুর্যোগকালীন সময়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় না কেন? শিক্ষা খাতের বরাদ্দ থেকে সামরিক শিক্ষা খাতে ব্যয় করা হয় কেন? কোচিং সেন্টার বন্ধ করা হচ্ছে না কেন?
রাজবাড়ীতে গতকাল সোমবার অনুষ্ঠিত শিক্ষা বাজেটবিষয়ক এক সংলাপে এমন সব প্রশ্ন ছুড়ে দেন অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রশ্নগুলো ছিল অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রতি। কিছু প্রশ্নের জবাব তিনি নিজেই দিলেন। সামরিক শিক্ষা খাতের ব্যয়ের বিষয়ে বললেন, এই খাতটাও শিক্ষারই অংশ। তাই শিক্ষা খাতের বরাদ্দ থেকে সেখানে ব্যয় করা হয়।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই আয়োজিত এ সংলাপ গতকাল সকাল আটটায় রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়। অনুষ্ঠানটি ছিল দুই ঘণ্টার। প্রশ্নোত্তরের পাশাপাশি ছিল অতিথিদের বক্তব্যের অনুষ্ঠান। ধারণকৃত অনুষ্ঠানটি পরে চ্যানেল আইয়ে দেখানো হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, জেলা প্রশাসক জিনাত আরা, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আ ফ ম শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাংসদ কাজী কেরামত আলী বলেন, সরকারের ঐকান্তিক চেষ্টার ফলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজড করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এসব উদ্যোগ দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চ্যানেল আইয়ের রাজবাড়ী জেলা প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হক।