শিক্ষার বাণিজ্যিক ধারা ও রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় শিক্ষার বাণিজ্যিক ধারা ও রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, অর্থবিষয়ক সম্পাদক মুন্নি সর্দার, পলাশ চন্দ্র রায় প্রমুখ।
নাসির উদ্দিন বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দেশের ছাত্র-যুবসমাজের উন্নত রুচি, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধের জাগরণ ঘটিয়ে বিদ্যমান আর্থসামাজিক কাঠামোর পরিবর্তনের মাধ্যমে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। অন্যদিকে এই সংগঠন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সর্বজনীন বিজ্ঞানভিত্তিক একই ধারার বৈষম্যহীন সেক্যুলার গণতান্ত্রিক শিক্ষার দাবিতে লড়াই করছে। কারণ শিক্ষাকে ব্যবহার করা হচ্ছে পণ্য হিসেবে, যার টাকা আছে সে শিক্ষা পাবে আর যার টাকা নেই সে শিক্ষা পাবে না। ফলে ব্যাঙের ছাতার মতো অজস্র বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। লৈঙ্গিক বৈষম্য, সাম্প্রদায়িক বিষয়াবলিসহ ভুলে ভরা পাঠ্যপুস্তক স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে বই, ভর্তি ও কোচিং-বাণিজ্য প্রকাশ্যেই চলছে। বেসরকারি ও বাণিজ্যিক ধারাই এখন শিক্ষার প্রধান ধারা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
নাসির উদ্দিন আরও বলেন, দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করছে সাম্রাজ্যবাদী শক্তি। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের দেদার দখল চলছে। যার ফল হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন হুমকির মুখে। সব জনমত, বিশেষজ্ঞদের পরামর্শ, আশঙ্কা ও গণ-আন্দোলন উপেক্ষা করে সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রামপাল বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন প্রায় ১৩ হাজার ২০০ টন কয়লা পোড়ানো হবে। এতে ৭৯ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হবে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৩৪ কোটি গাছ কেটে ফেলার সমান। এত ক্ষয়ক্ষতির আশঙ্কার পরও সরকার এই বিদ্যুৎকেন্দ্র করতে মরিয়া। দেশের মুষ্টিমেয় মানুষ আর ভারতের মুনাফার স্বার্থে এই ভয়াবহ প্রকৃতিবিনাশী অপতৎপরতা চলছে। অনেকভাবে অনেক স্থানেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু সুন্দরবন ধ্বংস হলে তা আর সৃষ্টি করা যাবে না।