শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বাণিজ্যিকীকরণ শিক্ষার গুণগত মানকে ব্যাহত করে। অনেক ক্ষেত্রে মেধাবিকাশের পথকে বাধাগ্রস্ত করে। তাই শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। সার্টিফিকেট একজন শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি হলেও শিক্ষার মূল লক্ষ্য হতে পারে না।’ 


আজ বুধবার ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি উপস্থিত শিক্ষার্থী ও সুধীজনদের উদ্দেশে এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চের পেছনে একটি খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী অংশ নেন। এঁদের মধ্যে ২৯ জন শিক্ষার্থীকে ৩২টি স্বর্ণপদক দেওয়া হয়।

লিখিত বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ‘পাবলিক ও প্রাইভেট সেক্টরে উচ্চশিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ও পরিবেশ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি। বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। তাই আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আজ সমৃদ্ধির সোপানে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প আজ আর স্বপ্ন নয়, তা বাস্তবতা। দেশ নিম্ন আয়ের স্তর থেকে নিম্নমধ্য আয়ের কাতারে উন্নীত হয়েছে। সরকার বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর, যুদ্ধাপরাধীদের বিচার, দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করা, জঙ্গিবাদ দমন, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণসহ আর্থসামাজিক ক্ষেত্রে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে সফলভাবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব পাঠশালার এক ধীমান সাহসী যোদ্ধা নজরুল। জীবনসত্য অন্বেষণে তিনি ছুটেছেন নিরন্তর। নজরুলের সঙ্গে ত্রিশালের ছিল গভীর সম্পর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক চেষ্টা ও আগ্রহে ১৯৭২ সালের ২ মে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু কবি ও তাঁর পরিবারের সদস্যদের জন্য ধানমন্ডিতে একটি বাড়ি বরাদ্দ দেন। বঙ্গবন্ধু ওই বাড়িটির নামকরণ করেন ‘কবি ভবন’ হিসেবে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন বঙ্গবন্ধু।

বক্তব্যের শেষে রাষ্ট্রপতি বলেন, ‘আমাকে লিখিত বক্তব্যের বাইরে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। বৃষ্টি আর বাতাসে হাওরের ক্ষতি হচ্ছে। হাওরের বারো আনা ফসলই নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় রং মিশিয়ে কথা বলা সম্ভব না।’

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় বিশেষায়িত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। কিন্তু সংসদীয় কমিটির সিদ্ধান্তে সাধারণ বিশ্ববিদ্যালয় হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। স্বাগত বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম।