শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাঠদানে আকর্ষণ বাড়াতে পারলে শিক্ষার্থীরা মনোযোগী হয়। এ মনোযোগ শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নও একটি বিষয়। তবে সামগ্রিক বিবেচনায় শিক্ষার মান উন্নয়নে পাঠদানই গুরুত্বপূর্ণ।
এ মতামত উঠে এসেছে সিলেটে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক বিভাগীয় কর্মশালায়। গতকাল শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনব্যাপী কর্মশালায় বিভাগের শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার চিত্র তুলে ধরেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সালাম সিকদার। সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।