শিক্ষার মান উন্নয়নে পাঠাভ্যাস বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কেবল ইন্টারনেটের ওপর নির্ভর করলে চলবে না। পাঠ্যসূচির বাইরেও অনেক বই পড়তে হবে।
গতকাল বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) দশম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. মহব্বত খান, সহ-উপাচার্য জহুরুল হক, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আনিস আহম্মেদ প্রমুখ।
পেশাগত উৎকর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষক এবং তিনজন প্রশাসনিক কর্মকর্তার হাতে উপাচার্য অ্যাওয়ার্ড তুলে দেন সংস্কৃতিমন্ত্রী। গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর চার দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তব্য দেন মুনতাসীর মামুন, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, ইউল্যাবের ছাত্রবিষয়ক উপদেষ্টা জুড়িথা ওলমাকার, অধ্যাপক মো. ইব্রাহিম প্রমুখ।