ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার গুণগতমান উন্নয়নের জন্য দুই দিনব্যাপী শিক্ষাবিষয়ক কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে শিক্ষক সমিতি আয়োজিত এ কর্মশালা কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে শুরু হয়। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে এ ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এটাই প্রথম বলে জানা গেছে।জানা যায়, কর্মশালার প্রথম দিনে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত শিক্ষার্থীরা ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে কোর্স কারিকুলাম, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, অভ্যন্তরীণ কাঠামো, প্রাকটিক্যাল কোর্স, পরীক্ষা পদ্ধতিসহ আরও প্রয়োজনীয় বিষয় বিশদভাবে তুলে ধরেন। এতে অতিরিক্ত কোর্স ক্রেডিট, পুরাতন কোর্স কারিকুলাম, তাত্ত্বিক শিক্ষার হার বেশিসহ প্রায় অর্ধশতাধিক সমস্যা নিয়ে পর্যালোচনা করা হয়। পরে সেগুলো মাল্টিমিডিয়া ও ফ্লিপ চার্টের মাধ্যমে কর্মশালায় উপস্থাপন করা হয়। প্রথম দিনের দ্বিতীয়ার্ধে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়েও অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মন্ডল। দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে সব অনুষদের বিভিন্ন বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মো. জহির উদ্দিন এবং পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী।