শিক্ষার মান নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী
দেশে শিক্ষাব্যবস্থার মান নিয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পাছে লোকে কিছু বলে’—এ কথা চিন্তা করলে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। সমালোচনা ছাড়া কেউ ভালো কাজ করতে পারবে না। এ জন্য শিক্ষামন্ত্রীকে বলতে চাই ‘পাছে লোকে কিছু বলে’ কথা পরিহার করে এগিয়ে যান। খবর বাসসের।
গতকাল বুধবার সকালে গণভবনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ১০ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই ফলাফল তুলে দেন।
শিক্ষাসচিব মোহাম্মাদ সাদিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার, প্রেসসচিব এ কে এম শামিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘সমাজে এমন কিছু মানুষ আছেন ভালো হোক, মন্দ হোক সব কাজেই পরশ্রীকাতর। কে কী বলল, এ নিয়ে দুঃচিন্তার কারণ নেই। আমাদের প্রধান কাজ শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দেওয়া।’ এ ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ভালো করেই জানি আমাদের কী করতে হবে এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে হবে।’
প্রধানমন্ত্রী দাবি করেন, শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে এবং এটি এখন দৃশ্যমান। শিক্ষার মানও স্বাভাবিক নিয়মে বাড়ছে। তবে কোনো কিছুরই রাতারাতি পরিবর্তন হবে না। যাঁরা কাজ করেন তাঁদের সমালোচনা হবে। যাঁরা কাজ করেন না, তাঁদের সমালোচনার কিছু নেই। সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে।
বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়: প্রথম আলোর দিনাজপুর অফিস জানায়, ওই ফলাফল প্রকাশ উপলক্ষে সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্টজনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, হুইপ ও দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌফিক ইমাম ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।