শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্ম অনেক মেধাবী। তাদের বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে। তারাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার মান বাড়াতে পাঠ্যপুস্তক, পরীক্ষাপদ্ধতি সহজ ও আকর্ষণীয় করা হচ্ছে। বইয়ের বোঝাও কমানো হবে।
গতকাল বৃহস্পতিবার সিলেটে বিয়ানীবাজারের সরকারি কলেজে তিন বিষয়ে স্নাতকোত্তর কোর্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নতুন প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষাপদ্ধতি প্রয়োজন উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। সরকার উচ্চশিক্ষায় গবেষণার ওপর জোর দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা আরও বাড়াতে হবে। সৃষ্টি করতে হবে নতুন জ্ঞান।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।