শিক্ষার মান সম্পর্কে বার্ষিক মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি জিল্লুর রহমান জাতির বৃহত্তর স্বার্থে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে বার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ (ইউজিসি) সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।রাষ্ট্রপতি গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিটি ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ‘কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা প্রদান করলেও এর বেশির ভাগেরই শিক্ষার মান ও টিউশন ফি নিয়ে প্রশ্ন রয়েছে।’রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার প্রকৃতি ও মানের ওপর সমাজের সামগ্রিক অগ্রগতি নির্ভরশীল। তাই উচ্চশিক্ষা এমন হতে হবে যেখান থেকে নবীন শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় সমৃদ্ধ হবে। রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়নিষ্ঠা, দেশপ্রেম এবং সৃজনশীলতা বিকাশের পাশাপাশি গবেষণার মাধ্যমে জ্ঞানের নবদিগন্ত উন্মোচন করাই হবে উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানদান ছাড়াও বিশ্ববিদ্যালয়গুলো জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে বিপুল অবদান রেখে আসছে। মহান ভাষা আন্দোলন, স্বাধিকার, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোর ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে জাতি গর্ববোধ করে। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কর্মজীবনে তোমরা যে যেখানে থাকো না কেন, দেশ-মাতৃকার কথা ভুলবে না।’ অন্যায় ও অসত্যের কাছে শিক্ষার্থীদের মাথা নত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সত্য ও সুন্দর হবে তোমাদের চলার জীবনে পাথেয়। তোমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে তোমাদের চিন্তায় এবং এর প্রতিফলন ঘটাবে কর্মে।’ সমাবর্তন অনুষ্ঠানে মোট ৩৮১ জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। এদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পাঁচজনকে স্বর্ণপদক দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এন আর এম বোরহান উদ্দিন ও বিশ্ববিদ্যালয় বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মকবুল হোসেন।শিক্ষামন্ত্রী বলেন, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং ছাত্রছাত্রীদের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এসব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আইন প্রণয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।আরেফিন সিদ্দিক আশা প্রকাশ করেন যে নতুন স্নাতকেরা দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের প্রকৃত সোনার বাংলা হিসেবে দেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।