শিক্ষার মানে এখনো ঘাটতি আছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষায় সংখ্যাগত বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও বাড়ছে। তবে এখনো মানের ঘাটতি আছে। এটা তাঁরা অস্বীকার করবেন না।
গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান বাড়ানোই এখন তাঁর বড় চ্যালেঞ্জ। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে নতুন নিয়মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে হিন্দুধর্ম বিষয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন-সংক্রান্ত সমস্যার কারণে ১ হাজার ১৪১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। পরে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ায় তারা সবাই পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। ওই ঘটনার পর একজন পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। দায়ী কাউকে রেহাই দেওয়া হবে না।