অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। প্রাথমিক শিক্ষায় দারিদ্র্যতার প্রতিবন্ধকতা দূর করার জন্য উপবৃত্তির ব্যবস্থা চালু করা হয়েছে।’ সিলেটে অর্থমন্ত্রী গতকাল বুধবার ‘প্রাথমিক শিক্ষা বিস্তারে মান-উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে উপবৃত্তির ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।কর্মশালায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহাব উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হজরত আলী, উপবৃত্তি প্রকল্পের জেলা মনিটরিং কর্মকর্তা মো. দিলওয়ার হোসেনসহ শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।