
দেশে এখন পরীক্ষার্থীর সংখ্যা বেশি, শিক্ষার্থীর সংখ্যা কম। শিক্ষার্থীরা পাতার পর পাতা বই পড়ছেন, কোচিং করছেন আর পরীক্ষার খাতায় তা উদ্গিরণ করছেন। ফলে শিক্ষার সঙ্গে জ্ঞানের সমন্বয় হচ্ছে না। এ সমন্বয় করতে প্রয়োজন সংস্কৃতির—গতকাল মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠান হয়। সেখানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আজ আমরা সন্তানদের কেবল জিপিএ-৫ পাওয়ানো নিয়ে ব্যস্ত। ছোট থেকেই শিক্ষার্থীদের ওপর শুরু হয় জিপিএ-৫ পাওয়ার নির্যাতন। শুধু পড়তে গিয়ে শিক্ষার্থীদের মস্তিষ্ক খোরমার মতো খটখটে হয়ে যাচ্ছে। এসব থেকে মুক্তি পেতে শিক্ষার পাশাপাশি গান, কবিতা, খেলাধুলা, আঁকাআঁকি থেকে শুরু করে কোনো না কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন।’
আসাদুজ্জামান নূর বলেন, ভালো লাগাটা না থাকলে মানুষ অসম্পূর্ণ থেকে যায়। এর সুযোগ নেয় অপশক্তি। তাদের মধ্যে একধরনের অন্ধকার বাসা বাঁধে, ফলে তারা বিপথগামী হয়। তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। মন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের চমৎকার শিক্ষার পরিবেশের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের প্রতি নিরন্তর জ্ঞান সাধনার মাধ্যমে জীবনে সফল হতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান সভাপতিত্ব করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুযায়ী নবীন শিক্ষার্থীদের শপথ পড়ান এবং পরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের ডিন ও একটি ইনস্টিটিউটের পরিচালক তাঁদের স্কুল ও ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান স্কুলের ডিন আবদুল জব্বার। এ ছাড়া ছাত্রবিষয়ক পরিচালক অনির্বাণ মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তানভীর রায়হান, নবীনদের পক্ষ থেকে আখন্দ মো. খায়রুজ্জামান বক্তব্য দেন।