শিক্ষার সঙ্গে পেশাগত দক্ষতাও লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো এক দিন বাংলাদেশের তরুণেরা উন্নত বিশ্বের বিভিন্ন শিল্পকারখানা পরিচালনা করবেন। সে জন্য যুগোপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পেশাগত দক্ষতা লাগবে।      

গতকাল শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মজিবর রহমান। ‘উদ্যোক্তা উন্নয়নবিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া বক্তৃতামালা’ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের তৃতীয় পর্বে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিআইইউ ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগী মানসিকতা সৃষ্টি করতে ধারাবাহিকভাবে এর আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, বিআরবি কেব্‌লের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিহানুর রহমান, ডিআইইউ কোষাধ্যক্ষ হামিদুল হক খান, ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক আবু তাহেরসহ অনেকে।