শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষার পরই স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার এ দুটোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সমাজের সর্বক্ষেত্রে পরিবর্তন আনতে হলে শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে এগোতে হবে। শিক্ষাকে যুগোপযোগী ও স্বাস্থ্যসেবাকে আধুনিক করে তোলার মাধ্যমে ডিজিটাল সরকারের পরিপূর্ণতা পাবে।’গতকাল শুক্রবার সিলেটে শিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে একটি কমিউনিটি ক্লিনিকের ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।বিকেল তিনটায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে গুগারকুল কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে ঢাকা দক্ষিণ ইউনিয়নে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়। সাব-রেজিস্ট্রারের ভবন নির্মাণে ব্যয় হয় এক কোটি ৪০ লাখ টাকা।আওয়ামী লীগের নেতা আমিরউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যান হুমায়ূন ইসলাম কামাল, নারী ভাইস চেয়ারম্যান নাজিয়া বেগম, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান এস এ সালিক বক্তব্য দেন।