শিক্ষার সব স্তরে ইতিহাস বাধ্যতামূলক করার দাবি
বিশ্ববিদ্যালয়, কলেজসহ শিক্ষার সর্বস্তরে ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ইতিহাসের শিক্ষকেরা। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইতিহাস শিক্ষক সম্মেলনে তাঁরা এই দাবি করেন।রমেশচন্দ্র মজুমদার মিলনায়তনে আয়োজিত সম্মেলনে ইতিহাসবিদেরা দেশের ইতিহাস জানা ও সাম্প্রদায়িকতা রোখার স্বার্থেও জ্ঞানের এই শাখায় চর্চার ওপর জোর দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, বিভিন্ন পর্যায়ে ইতিহাস শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। দেশের ইতিহাস বাঁচিয়ে রাখতে ইতিহাস শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে হবে। ইতিহাস না জানলে একটি জাতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। সাম্প্রদায়িকতা রুখতেও ইতিহাস পাঠ করা প্রয়োজন।অধ্যাপক মেসবাহ কামাল বলেন, স্কুল পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরে ইতিহাস উপেক্ষিত। দেশের প্রায় সব প্রতিষ্ঠানে ইতিহাস শিক্ষকের স্বল্পতা আছে। মোট ২৫৩টি সরকারি কলেজের মধ্যে ৯৮টিতে ইতিহাস বিভাগই নেই।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুর রহমানও ইতিহাস পাঠের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ইতিহাস পাঠের সুবিধার জন্য মাধ্যমিক স্কুলগুলোতে সহকারী ইতিহাস শিক্ষকের পদ তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণেও ইতিহাস পাঠের ব্যবস্থা করতে হবে।শিক্ষার্থীদের ইতিহাস পাঠে আগ্রহী করে তুলতে পাঠ্য বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করার তাগিদ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সেলিম বলেন, ইতিহাসের শিক্ষার্থীরা অনেক সময় হীনম্মন্যতায় ভোগে। তাই ইতিহাস শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সম্মেলনে আরও বক্তব্য দেন সরকারি কলেজ ইতিহাস শিক্ষক পরিষদের সভাপতি সুলতানা নিগার চৌধুরী, সদস্যসচিব মো. হাবীবুল্লাহ বাহার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম জসিম উদ্দিন প্রমুখ।