শিক্ষার সুযোগ ছড়িয়ে দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করার একমাত্র উপায় হলো শিক্ষা। তাঁর সরকার সবার মধ্যে শিক্ষার সুযোগ-সুবিধা ছড়িয়ে দিতে চায়। সেই লক্ষ্য পূরণে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে এবং যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে তা বাস্তবায়ন করা হচ্ছে। খবর বাসসের।
গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৪’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশসেরা ১২ জন সৃজনশীল মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুদক্ষ ও মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক এবং সৃজনশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে আগ্রহী।’ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তিসহ সব ক্ষেত্রেই সঠিক কাজ সম্পাদনের জন্য সৃজনশীল ও মেধাবী নেতৃত্বের প্রয়োজন উল্লেখ করে প্রধামন্ত্রী বলেন, ‘দেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও শক্তি নিহিত রয়েছে বর্তমান শিশু-কিশোর ও তরুণদের মধ্যে। নবীনদের সঠিক পথের স্বপ্ন দেখানো এবং সুন্দর আগামীর প্রেরণায় উজ্জীবিত করা গেলে আমাদের সোনালি স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, আজ যারা পুরস্কৃত হয়েছে, তাদের মধ্য থেকেই আগামী দিনে ভালো সাহিত্যিক, জ্ঞানী-গুণী ও বিজ্ঞানী বেরিয়ে আসবে।
শিশুরা যাতে বিদ্যালয়ের পড়ার ভারে ন্যুব্জ হয়ে না পড়ে, সেদিকে নজর রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু পঁুথিগত বিদ্যাই একটি শিশুকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে না। পঁুথিগত বিদ্যার পাশাপাশি চাই শিশুর মানসিক ও মানবিক বিকাশের সুযোগ। শিশুর মানসিক বিকাশের মাধ্যমেই সে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।
প্রধানমন্ত্রী ১২ জন মেধাবীর হাতে পুরস্কার হিসেবে পদক, সনদ এবং প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করেন। তারা হলো: সিরাতুল মোস্তাকিম, অনিকা তাবাসসুম, পুষ্পিতা বিশ্বাস, আল মুহিত মুহতাদি, আবরার প্রমিতি, ফাহিমা সুলতানা, জোবায়ের রহমান, আফিয়া আনজুম জামান, অদিতি বড়ুয়া, শাহজাদী নওরীন হক, ফাহিম শাহরিয়ার ও সুমাইয়া ইসলাম। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৮৪ জনের প্রত্যেকের হাতে পদক, সার্টিফিকেট এবং পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন।
শিক্ষা মন্ত্রণালয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৪-এর আয়োজন করে। প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মোট দুই লাখ প্রতিযোগী অংশ নেয়।