শিক্ষার সুযোগবঞ্চিত ৬০০ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চর ইমারসন ও চর তোজাম্মেল গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় ওই দুই গ্রামের শিশুরা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, চর তোজাম্মেলে ৩৫০টি ও চর ইমারসনে ১৫০টি পরিবারের বসতি রয়েছে। আর ওই দুই গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করার উপযোগী শিশু রয়েছে প্রায় ৬০০। এদের মধ্যে চর ইমারসনের ৩০টি শিশু নদী পার হয়ে কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং চর তোজাম্মেলের ৪০টি শিশু ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করছে। বাকি শিশুদের পড়াশোনা করার সুযোগ জুটছে না।
চর ইমারসনের বাসিন্দা মো. বেল্লাল হোসেন জানান, তাঁর ছেলে রাজিব তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। রাজিবকে প্রতিদিন বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ক্লাস করতে হয়। শুধু দূরত্বই নয়। বিদ্যালয়ে যেতে তাকে খেয়ানৌকায় একটি নদীও পার হতে হয়।
ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হাফিজুর রহমান বলেন, চর তোজাম্মেল ও চর ইমারসনে কোনো বিদ্যালয় না থাকায় ওই দুই গ্রামের শিশুরা চার-পাঁচ কিলোমিটার দূরে ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে। পথে তাদের একটি নদী পার হতে হয়। ওই দুই গ্রামের বেশির ভাগ শিশুই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা চর ইমারসন ও চর তোজাম্মেলের শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে চর ইমারসনে একটি বিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছি। আশা করছি, এ ব্যাপারে শিগগিরই ভালো খবর দিতে পারব।’
এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম সগীর প্রথম আলোকে বলেন, ‘চর ইমারসন ও চর তোজাম্মেল গ্রামের শিশুদের সুবিধার জন্য চর ইমারসনে একটি বিদ্যালয় স্থাপনের জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বিদ্যালয়হীন গ্রামে ১ হাজার ৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের মাধ্যমে ওই দুই গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুযোগ রয়েছে। আমরা চেষ্টা করব যাতে অগ্রাধিকার ভিত্তিতে ওই দুই গ্রামের জন্য নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।’