শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্র ইউনিয়নের পাঁচ দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান আন্দোলন ও সরকার-সমর্থিত ছাত্রসংগঠনের সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে পাঁচ দফা দাবি তুলেছে ছাত্র ইউনিয়ন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদের নির্বাচনেরও দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শুভ।ছাত্র ইউনিয়নের দাবিগুলো হচ্ছে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার, অবিলম্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সংবাদ সম্মেলনে এস এম শুভ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ক্যাম্পাসে ১০-১৫টি সংঘর্ষ হয়েছে। প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। ছাত্র ইউনিয়নের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে: ১৭ জানুয়ারি বিক্ষোভ মিছিল, ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি, ৩০ জানুয়ারি ছাত্রসংগঠন ও ছাত্র সংসদের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময়।সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহমেদ, সহসভাপতি আবু তোয়াবসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।