শিক্ষার্থী অনুপাতে শিক্ষক কম, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক একেবারেই কম। নতুন শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ ১১টি বিষয়ে ৭২ শিক্ষকের পদ সৃষ্টির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করেছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়েও অগ্রবর্তী আবেদন জমা দিয়েছে। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী কলেজগুলোর একটি। বর্তমানে এ কলেজে ২০টি বিষয়ে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস কোর্সে এবং ১৮টি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হচ্ছে। এখন এ কলেজে প্রায় ২০ হাজার শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শ্রেণীকক্ষের সংখ্যা বহুগুণে বেড়েছে। কিন্তু উচ্চতর পর্যায়ে পাঠদানের জন্য ১১ বিষয়ে প্রয়োজনীয় শিক্ষকের অভাব রয়েছে। খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনো রকমে পাঠদান করানো হলেও শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় শিক্ষকসংকট দূর করতে ৭২টি পদ সৃষ্টির আবেদন করা হয়েছে।কলেজ সূত্রে জানা গেছে, সমাজকর্ম বিষয়ে বর্তমানে দুই হাজার ৬০০ জন শিক্ষার্থীর জন্য পাঁচজন শিক্ষক আছেন। ইংরেজি বিষয়ে চার হাজার ৬৬৩ জন শিক্ষার্থীর জন্য ১০ জন শিক্ষক, প্রাণিবিজ্ঞান বিষয়ে এক হাজার ৪৮৭ জনের জন্য চারজন, গণিতে এক হাজার ৮৪৮ জনের জন্য পাঁচজন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক হাজার ৬৫৬ জনের জন্য পাঁচজন, পরিসংখ্যান বিষয়ে ৯৮৫ জনের জন্য তিনজন, আরবি ও ইসলামি শিক্ষা বিষয়ে এক হাজার ২৫৯ জনের জন্য পাঁচজন, উদ্ভিদবিজ্ঞান বিষয়ে এক হাজার ২২২ জনের জন্য পাঁচজন, ইতিহাসে ৯৩২ জনের জন্য চারজন, দর্শন বিষয়ে ৯৩৩ জনের জন্য পাঁচজন এবং সমাজবিজ্ঞান বিষয়ে এক হাজার ৬৪১ জনের জন্য ১০ জন শিক্ষক রয়েছেন।জানা গেছে, বর্তমানে ইংরেজি ও সমাজবিজ্ঞান বিষয়ে একজন করে অধ্যাপক রয়েছেন। কিন্তু অন্য নয়টি বিষয়ে কোনো অধ্যাপক নেই। প্রস্তাবিত পদগুলোর মধ্যে নয়জন অধ্যাপক, ১৮ জন সহযোগী অধ্যাপক, ২৮ জন সহকারী অধ্যাপক ও ১৭ জন প্রভাষক রয়েছেন।কয়েকজন শিক্ষক প্রথম আলোর কাছে দাবি করেন, পরীক্ষা ব্যবস্থাপনা ও দাপ্তরিক কাজের কারণে ঠিকমতো ক্লাস নেওয়া যাচ্ছে না। তার ওপর শিক্ষকের সংকট থাকায় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। দ্রুত পদ সৃষ্টি হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, ‘অতীতে আমরা শিক্ষকের পদ সৃষ্টির জন্য আবেদন করে সুফল পাইনি। এবার আশা করি মন্ত্রণালয় আমাদের নিরাশ করবে না।’ ১৮৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। ১১৩ বছরের পুরোনো এ কলেজের দুটি শাখা রয়েছে। নগরের কান্দিরপাড় রানীর দিঘিরপারে উচ্চমাধ্যমিক শাখা এবং আদর্শ সদর উপজেলার ধর্মপুর গ্রামে ডিগ্রি শাখা।