শিক্ষার্থী অপহরণের চেষ্টা মামলায় একজন রিমান্ডে
ঢাকার ধামরাই উপজেলায় তিন শিশুশিক্ষার্থীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিল্পী আক্তারের (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া শিল্পীর ছোট বোন কুলসুমকে (১৪) গাজীপুরের কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বিচারিক হাকিমের আদালত এই নির্দেশ দেন।
এ ঘটনায় করা মামলার এজাহার অনুযায়ী, গত সোমবার ধামরাইয়ের নান্দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পালার শিক্ষার্থীদের ছুটির পর ওই তিন শিশুশিক্ষার্থী বাড়ি ফিরছিল। এ সময় শিল্পী ও কুলসুম প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর তিন শিক্ষার্থীকে টাকা ও পোশাকের প্রলোভন দেখিয়ে পাশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া বাজারের দিকে নিয়ে যাচ্ছিল। শিশুদের এক প্রতিবেশীর সন্দেহ হলে তিনি স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই বোনকে ধরে নান্দেশ্বরী বিদ্যালয়ে নিয়ে যান। এরপর তাদের একটি শ্রেণীকক্ষে আটকে রেখে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই জনতা তালা ভেঙে তাদের পিটুনি দেয়। পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ধামরাই থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনার পরে ওই দিন রাতেই মজিবুর রহমান নামের শিশুদের এক আত্মীয় পাচারের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে ধামরাই থানায় মামলা করেন। মামলায় শিল্পী ও তাঁর বোনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। গতকাল দুই বোনকে সাত দিনের পুলিশি রিমান্ড চেয়ে ঢাকার বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।
শিশু আইন জানে না পুলিশ: অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই বোনের মধ্যে কুলসুম শিশু। তাঁর বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে। মামলার এজাহারেও তার বয়স ১৪ বছর উল্লেখ করা হয়েছে। থানা থেকে আদালতে পাঠানো প্রাথমিক প্রতিবেদনেও তার বয়স ১৪ উল্লেখ করা হয়। এর পরও বড় বোনের সঙ্গে কুলসুমকেও বিচারিক আদালতে পাঠানো হয়। শিশু আইন, ২০১৩ অনুযায়ী গ্রেপ্তার বা আটক হওয়া ব্যক্তি যদি শিশু হয়, তবে মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি প্রবেশন কর্মকর্তা বা সমাজসেবা অধিদপ্তরকে জানাবেন। এরপর ওই শিশুকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে আইন অনুযায়ী তার রিমান্ডের জন্য শিশু আদালতে আবেদন করতে হবে। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক আইন উপেক্ষা করে কুলসুমকে ঢাকার বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।