চলমান এসএসসি পরীক্ষার মধ্যে জামায়াতের হরতালের ঘোষণায় বগুড়ার শিক্ষার্থী-অভিভাবকেরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা উৎকণ্ঠায় রয়েছেন।বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল সাফি বলে, ‘দিনের পর দিন সাধনা করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম। হরতাল ডেকে সব শেষ করে দেওয়া হলো।’ বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কাজী তামান্না ইসলাম বলে, ‘আগামী দিনে আমরাই জাতির দায়িত্ব নেব। আমাদের প্রতি সবারই সহানুভূতি থাকা দরকার। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে পরীক্ষার আগমুহূর্তে এভাবে হরতাল দিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পরীক্ষা পেছানোর বিষয়টি মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে।’ বগুড়া উপশহরের বাসিন্দা ও অভিভাবক আবদুল কুদ্দুস বলেন, ‘পরীক্ষার দিনে হরতাল ডাকাটা কাণ্ডজ্ঞানহীন কাজ। এসব শিক্ষার্থীই ভবিষ্যতে দেশ গড়বে। এ হরতাল ঘোষণার মাধ্যমে জামায়াত প্রমাণ করেছে, দেশের প্রতি দলটির কোনো দিন দেশপ্রেম ছিল না, আজও নেই।’ বিয়াম মডেল স্কুল শাখার উপাধ্যক্ষ শফিকা আখতার বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার দিনে হরতালের মতো কর্মসূচি দেওয়াটা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়। এতে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি প্রচণ্ডভাবে ব্যাহত হবে। শিক্ষার্থীরা মানসিক চাপে পড়বে। এতে করে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলবে। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন, পরীক্ষার দিনে হরতাল ডাকায় শিক্ষার্থী-অভিভাবকের পাশাপাশি শিক্ষকেরাও উৎকণ্ঠিত। বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ বলেন, পরীক্ষার দিনে হরতাল ডাকায় শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রচণ্ড ক্ষুব্ধ। হরতাল ডেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের হতাশায় ফেলে দেওয়া হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত এসব শিক্ষার্থী এভাবে ভুল বার্তা নিয়ে বড় হবে।