শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনার তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সরবরাহ করা বিসু্কট খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত শুক্র ও শনিবার তদন্ত শেষে গতকাল রোববার তদন্ত দল নমুনা সংগ্রহ করে ঢাকায় ফিরে গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (স্কুল ফিডিং) শামীম আল মামুনের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দলের অপর সদস্য ডব্লিউএফপির বিদ্যালয়ে খাবার বিতরণ কর্মসূচির (স্কুল ফিডিং প্রোগ্রাম) প্রধান জহিরুল হক।তদন্তকালে সংগৃহীত বিস্কুটের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। একটি আন্তর্জাতিক সংস্থা বিস্কুটের নমুনা পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব নিয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে তদন্ত কমিটির আহ্বায়ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শামীম আল মামুন জানান। শামীম আল মামুন বলেন, পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত উলিপুর উপজেলার ৪০৭টি প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুট বিতরণ বন্ধ থাকবে। সূত্র জানায়, তদন্ত দলের সদস্যরা গোরাই রঘুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁরা শিক্ষা কর্মকর্তা, উলিপুর ও কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেন। ডব্লিউএফপির স্কুল ফিডিং প্রোগ্রামের প্রধান জহিরুল হক জানান, সংগৃহীত বিস্কুটের নমুনা পরীক্ষার পর জানা যাবে কী কারণে এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, স্লো ফুড পয়জনিংয়ের কারণে এ রকম ঘটনা ঘটে থাকতে পারে। ১৯ জুলাই উলিপুরের গোরাই রঘুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডব্লিউএফপির স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা প্রোটিন বিস্কুট খাওয়ার পর ১৫ শিক্ষার্থী ও একজন অভিভাবক অসুস্থ হয়ে পড়েন। এর দুই দিন আগে উপজেলার অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী এই বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। উভয় বিদ্যালয়ের অসুস্থ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।