চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের তৃতীয় তলা। বারান্দায় দাঁড়িয়ে আছেন কম্পিউটার কৌশল বিভাগের ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী। সবার মনে কাজ করছে অস্থিরতা।
কারণ জিজ্ঞাসা করতেই তাঁরা ক্ষোভের সঙ্গে জানান, পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় এভাবে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করাটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের মধ্যে একজন জানান, একটি ক্লাস শেষ করেই তাঁদের বের হতে হয় নতুন আরেকটি শ্রেণীকক্ষের সন্ধানে।
শুধু কম্পিউটার কৌশল বিভাগ নয়, চুয়েটের অধিকাংশ বিভাগেরই একই অবস্থা। বিশেষ করে নতুন চালু হওয়া বিভাগগুলোতে রয়েছে শ্রেণীকক্ষ সংকট। কক্ষের অভাবে প্রায়ই বাতিল হচ্ছে পূর্বনির্ধারিত ক্লাস-পরীক্ষা, শিক্ষকদের দিতে হচ্ছে নতুন সময়সূচি।
শ্রেণীকক্ষ সংকটে সবচেয়ে বেশি ভুগছে পেট্রোলিয়াম ও মাইনিং কৌশল বিভাগ, কম্পিউটার কৌশল বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম ও মাইনিং কৌশল বিভাগ ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে শুরু হলেও এখন পর্যন্ত তাঁদের নিজস্ব কোনো শ্রেণীকক্ষ বা ব্যবহারিক কক্ষ নেই। যন্ত্রকৌশল বিভাগের বিভিন্ন কক্ষে চলছে শিক্ষা কার্যক্রম। বিভাগটির একাধিক শিক্ষক জানিয়েছেন, কমপক্ষে চারটি শ্রেণীকক্ষ ও ছয়টি ব্যবহারিক কক্ষের প্রয়োজন তাঁদের।
গত বছর চালু হওয়া তড়িৎ ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের ক্লাস ও ব্যবহারিক পরীক্ষা নিতে হচ্ছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভিন্ন কক্ষে ও ল্যাবে। এদিকে ১৯৯৮ সালে চালু হওয়া কম্পিউটার কৌশল বিভাগেরও নিজস্ব কোনো ভবন নেই। পুরকৌশল বিভাগের তৃতীয় তলার চারটি শ্রেণী ও তিনটি ব্যবহারিক কক্ষে কোনো রকমে চলছে পাঁচ শতাধিক শিক্ষার্থীর শিক্ষাকার্যক্রম। এ বিভাগের শিক্ষার্থীরা জানান, শ্রেণীকক্ষের অভাবে প্রতিনিয়ত তাঁদের ব্যবহারিক ক্লাস তত্ত্বীয় কক্ষে আর তত্ত্বীয় ক্লাস ব্যবহারিক কক্ষে নেওয়া হচ্ছে।
কক্ষ-সংকটের কথা স্বীকার করে কম্পিউটার কৌশল বিভাগের প্রধান কৌশিক দেব বলেন, বর্তমানে শ্রেণীকক্ষ সংকট সহনীয় পর্যায়ে থাকলেও নতুন ব্যাচের শিক্ষার্থীরা এলে তা আরও প্রকট হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চুয়েটের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, শ্রেণীকক্ষ সংকট নিরসনে নতুন ভবনের নির্মাণকাজ চলছে। ছয় মাস থেকে এক বছরের মধ্যেই বিদ্যমান সংকট সমাধান হবে।