শিক্ষার্থী উপস্থিতির হার ৯০ ভাগে উন্নীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার চার ইউনিয়নে গত জুন মাসে স্কুলফিডিং কার্যক্রম শুরু হয়েছে। এরপর এসব ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতির হার ৫০-৬০ শতাংশ থেকে ৮০-৯০ শতাংশে উন্নীত হয়েছে। স্কুলফিডিংয়ের পাশাপাশি অপুষ্টিতে আক্রান্ত প্রসূতি ও শিশুদের মধ্যে খাদ্য ও ওষুধ বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনবিষয়ক তহবিলের অর্থায়নে স্কুলফিডিং কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা মুসলিম এইড এই কার্যক্রম বাস্তবায়ন করছে। একই তহবিলের অর্থায়নে মা ও শিশুদের মধ্যে ওষুধ ও খাদ্য বিতরণ করা হচ্ছে। পাশাপাশি তাদের দেওয়া হচ্ছে চিকিৎসাসেবা। একই সংস্থা এ কার্যক্রমও বাস্তবায়ন করছে।মুসলিম এইডের নিউট্রেশন প্রকল্পের সমন্বয়কারী খালিদা ফারাহ বলেন, ‘তাঁরা জরিপ করে দেখেছেন, চরফ্যাশন উপজেলার চর মানিকা ও চর কুকরি-মুকরি ইউনিয়ন এবং মনপুরা উপজেলার মনপুরা ও সাকুচিয়া ইউনিয়ন চারটি সবচেয়ে অবহেলিত। কারণ ইউনিয়নগুলো উপজেলা ও জেলা শহর থেকে অনেক দূরে। ৭০ শতাংশ পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এসব এলাকার প্রসূতি ও শিশুরা অপুষ্টির শিকার। আমরা এই চার ইউনিয়নের প্রায় আড়াই হাজার প্রসূতি ও শিশুকে প্যাকেটজাত খাদ্য, চিকিৎসা ও ওষুধ দিয়েছি।’মুসলিম এইডের স্কুলফিডিং প্রকল্পের সুপারভাইজার উম্মে আসমা জানান, গত ৭ জুন থেকে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার চার ইউনিয়নের ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলফিডিং কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে। সফলতা পাওয়া গেলে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে।কয়েক দিন আগে সরেজমিনে চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের উত্তর মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশির ভাগ শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম জানান, গত ৭ জুন থেকে তাঁদের স্কুলে দুপুরে খাবার দেওয়া হচ্ছে উচ্চ প্রোটিনসমৃদ্ধ বিস্কুট। ক্ষুধা পেটে স্কুল ভালো না লাগায় অনেক ছেলেই ক্লাসে অনুপস্থিত থাকত। স্কুলফিডিং কার্যক্রম শুরু হওয়ায় গত দুই মাসে শিক্ষার্থীর উপস্থিতির হার বেড়েছে।ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরমা বলে, ‘পেরাই না খাইয়্যা ইশকুলে আইতাম। খিদা প্যাডে কেলাসো (ক্লাস) পড়ার দিকে খেয়াল থাকত না, এহন সারেরা ইশকুলে খাওন দেয়। খাইয়্যা পানি খাইলে প্যাডে শান্তি আইয়্যে, পড়তেও মন চায়।’চর মানিকা ইউনিয়নের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই বলেন, ‘এই এলাকার ৮০ শতাংশ অভিভাবক জেলে ও দিনমজুর। তাঁরা শিশুকে স্কুলে পড়ানোর চেয়ে মাছ ধরতে পাঠাতে ভালোবাসেন। অপুষ্টিহীন শিশুরা অনাহারে-অর্ধাহারে স্কুলে আসে। ক্ষুধা পেটে পড়ায় মন বসে না। গত ৭ জুন থেকে তাদের স্কুলের শিক্ষার্থীদের উচ্চ আমিষসমৃদ্ধ বিস্কুট দেওয়া হচ্ছে। এতে ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার বেড়ে গেছে। জুনের আগে স্কুলে উপস্থিতির হার ৬০ শতাংশ থাকলেও এখন তা ৯০ শতাংশে উন্নীত হয়েছে।চর কুকরি-মুকরি ইউনিয়নের আমিনপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বেলা তিনটার পরে দরিদ্র ছাত্রদের মুখের দিকে তাকানো যেত না। ক্ষুধায় তারা স্কুল পালাত। পরের দিন স্কুলে আসত না, অমনোযোগী ছিল। এখন এ সমস্যা নেই। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, স্কুলফিডিং চালু হওয়ার পর স্কুলে উপস্থিতির সংখ্যা বেড়েছে।