ঢাকার আশুলিয়ার বাইদগাঁও গ্রামের স্কুলশিক্ষক চান মিয়ার (৫৫) মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের ক্ষোভ তীব্র হচ্ছে। তদন্ত না করে নিরপরাধ স্কুলশিক্ষককে গ্রেপ্তারের সময় মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার বাইদগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। বাইদগাঁও বাজারে মানববন্ধনের আয়োজন করা হয় গতকাল বেলা ১১টার দিকে। দরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বাজারের ব্যবসায়ীরা এতে অংশ নেন। মানববন্ধন শেষে স্কুলশিক্ষক চান মিয়াকে মারধরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।মিছিল শেষে বাইদগাঁও বাজারে আয়োজিত সমাবেশে বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, চান মিয়া ছিলেন একজন আদর্শ শিক্ষক। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ধর্ষণ মামলার আসামি করা হয়েছে। সাজানো ওই মামলায় গ্রেপ্তারের নামে তাঁর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। ওই নির্যাতনের শিকার হয়েই তিনি মারা যান। সমাবেশ শেষে মৃত চান মিয়ার ছেলে শওকত হোসেন প্রথম আলোকে বলেন, মামলায় গণধর্ষণের ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে গত ২৩ সেপ্টেম্বর। আর আদালতে অভিযোগ করা হয় ঘটনার আট দিন পর ২ অক্টোবর। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয় আরও সাত দিন পর ৯ অক্টোবর। কিন্তু তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয় মামলা দায়েরের কয়েক ঘণ্টা পরই। গ্রেপ্তারের সময় মারধরও করা হয়। এই থেকেই বোঝা যায়, পুরো বিষয়টি পরিকল্পিত ও আক্রোশমূলক।শওকত হোসেন বলেন, ধর্ষণ মামলায় আশুলিয়ার বাইদগাঁও গ্রামের আসলাম মিয়া এবং কবিরপুর গ্রামের ফজলুল হক ও কালু মিয়াসহ মানিকগঞ্জের শিবালয় উপজেলার চরশিবালয় গ্রামের শাজাহান নামের চারজনকে সাক্ষী করা হয়েছে। কিন্তু আসলাম ছাড়া অন্যদের এলাকার কেউ চিনেন না। অথচ যাদের কারণে তাঁর বাবা মারা গেলেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলা করার পরও পুলিশ গত তিন দিনে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্লেখ্য, বাইদগাঁও গ্রামের বাসিন্দা হিসেবে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর গ্রামের এক যুবতীর দায়ের করা মামলায় স্কুলশিক্ষক চান মিয়াকে গত সোমবার গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে জেলহাজতে নেওয়ার পথে ওই দিন সন্ধ্যায় তিনি মারা যান।