খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত রায়ের মৃত্যু এবং এর পরবর্তী ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী ও চিকিৎসকেরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নগরের শিববাড়ী মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেন। দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চিকিৎসকদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
মানববন্ধনের সময় বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অনির্বাণ মোস্তফা, খান জাহান আলী হলের প্রাধ্যক্ষ সারওয়ার জাহান, বিএ ডিসিপ্লিনের শিক্ষক মেহেদী হাসান, মো. হেফজুর রহমান, অমিত রায়ের মামা তপন খাঁ ও শিক্ষার্থীদের মধ্যে পার্থপ্রতিম সাহা।
বক্তারা অভিযোগ করেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর গাজী মেডিকেল হাসপাতালে অমিতের চিকিৎসায় চরম অবহেলা করা হয়, যার পরিণতিতে তাঁর মৃত্যু ঘটে। তাঁরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।
বক্তারা বলেন, চিকিৎসায় অবহেলার দায়িত্ব এড়াতে এবং সবার দৃষ্টি অন্যদিকে ঘোরাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নামে মিথ্যা মামলা ও অপবাদ দেওয়া হয়েছে। এটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অমিতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সোনাডাঙ্গা থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ বাহারুল আলম। তিনি বলেন, ২ জুলাই অমিতের মৃত্যুর বিষয়ে গাজী মেডিকেলে আইসিইউ সাপোর্ট দিতে এবং চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ঘটনাক্রমে বিদ্যমান ব্যবস্থায় কোনো অপরাধ সংঘটিত হলে তার বিচার হওয়া উচিত। তখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএমএর কাছে বা থানায় রোগীর মৃত্যুর জন্য চিকিৎসক মহসীন আলী ফারাজী ও চিকিৎসক গাজী মিজানসহ অন্য চিকিৎসকেরা দায়ী, এ রকম কোনো অভিযোগ করেনি। এমনকি রোগী মৃত্যুর পর থানায় রোগীর অস্বাভাবিক মৃত্যু (ইউডি কেস) রেকর্ড হয়নি এবং অমিতের লাশের কোনো ময়নাতদন্ত হয়নি। সে ক্ষেত্রে প্রতীয়মান হয় যে রোগীর মৃত্যুসংক্রান্ত বিষয়ে রোগীর অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাষ্ট্রের অভিযোগ ছিল না।
শেখ বাহার বলেন, অমিতের মৃত্যুর ঘটনায় এক চিকিৎসককে অপহরণের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি যখন জোরাল হতে লাগল, ঠিক সেই মুহূর্তে ঘটনার দৃষ্টি অন্যদিকে নিতে ও সন্ত্রাসীদের রক্ষা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিথ্যা, হয়রানিমূলক, কল্পনাপ্রসূত মামলা করল। তিনি ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ছিলেন চিকিৎসক গাজী মিজানুর রহমান, মো. সওকাত আলী লস্কর, মো. রফিকুল হক, মনোজ কুমার বোস, মেহেদী নেওয়াজ প্রমুখ।